চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটির টাকার ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে স্বর্ণসহ ওই ব্যক্তি আটক হয়।

আটক ব্যক্তির নাম আলমঙ্গীর খান(৫৫)। তিনি দর্শনার মোবারক পাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে। জব্দ করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তি বিজিবি জানিয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ একটি বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে স্বর্ণেরবার পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওত পেতে থাকে। এসময় একজন ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামানোর জন্য সংকেত দেন। কিন্তু তিনি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে। এসময় আটক ওই ব্যক্তির জনসাধারণের সামনে তাঁর দেহ তল্লাশি করলে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘জব্দ করা ১০টি স্বর্ণের বার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’