মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। আজ সোমবার সকালে ওই গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আকবর মন্ডল মাশালিয়া গ্রামের আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদের সাথে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আকবর মন্ডল গ্রামের মাঠে পাঠ নিড়াতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, আকবর মন্ডলকে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে হামলায় একজন নিহত হয়েছে এই খবর পেয়ে আমরা এলাকার পরিস্থিতি শাস্ত রাখার চেষ্টা করি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।’