সুন্দরবনের ‘করিম বাহিনীর’ এক সদস্যকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আমিন বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি এবং ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুর সারে ১২টায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আমিন বাচ্চু হাওলাদার আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।

এই কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় বুধবার বিকেল ৩টায় কোস্টগার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। পরে তাদের দস্যুদের ধাওয়া করে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, একটি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং একটি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত করিম শরীফ বাহিনীর ব্যবহৃত একটি আস্তানা ধ্বংস করা হয়। 

পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তির তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১০টায় কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে মোরলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় দস্যুতাসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।