পতাকা বৈঠকের পর কুষ্টিয়া সীমান্ত থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পতাকা বৈঠক শেষে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় থাকা ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ। আজ সোমবার বেলা ১১টায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বিজিবি। 

এর আগে চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছিলেন নারী-শিশুসহ ১২ জন। মানবিক দিক বিবেচনায় তাদেরকে খাবার সরবরাহ করেন বাংলাদেশিরা।

এদিকে লালমনিরহাটের পাটগ্রামের সাপ্পারবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার রাত ১০টার দিকে বিএসএফের দাউয়াকুমারী ক্যাম্পের একটি টহল দল ওই সীমান্ত দিয়ে লাইট বন্ধ করে পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাধা দেয়। খবর পেয়ে বিজিবির টহলদল ওই সীমান্তে গেলে পুশ ইনের জন্য আনা লোকজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

এছাড়া পুশ-চেষ্টা ব্যর্থ হওয়ায় কুড়িগ্রামের রৌমারীর শৌলমারীর গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় একদিন ধরে অবস্থান করছেন দুই শিশুসহ ৬ জন।