বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) সঙ্গে মোংলা থেকে গ্যাস সিলিন্ডারভর্তি খুলনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা এবং মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন বলেন, 'আহত এক হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে বলেও জানান ওসি।