যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা-পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১২ জুন দিবাগত রাতে প্রবাসীর স্ত্রীকে প্রথমে আসামি হাসিব আল হাসান জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে অন্যরা পালাক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
রোববার রাতে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হলে ওই রাতেই ৩ জনকে আটক করা হয়। আটকরা হলো হাসিব আল হাসান, আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুল।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে রাতে প্রধান আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।