মেহেরপুরে কাজে আসছে না কোটি টাকায় নির্মিত ৩ মার্কেট

মেহেরপুরে উপজেলা পর্যায়ে কয়েক কোটি টাকায় নির্মিত ৩টি আধুনিক মার্কেট কোনো কাজে আসছে না। তালাবদ্ধ পড়ে আছে বছরের পর বছর। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় এসব মার্কেটের দোকান কেউ বরাদ্দ নিচ্ছেন না। তবে প্রশাসন বলছে, জটিলতা শেষে উপকারভোগীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বাজারে ২০২১ সালে এই মার্কেট ভবন নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। খরচ হয়েছে ১ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু এখনো চালু করা যায়নি মার্কেটটি। 

গাংনী উপজেলার ভাটপাড়া ও মুজিবনগর কেদারগঞ্জ বাজারের ভবন দুটিরও একই অবস্থা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ শেষ হওয়ার পরও প্রশাসনিক জটিলতা ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় এসব মার্কেটের দোকান বরাদ্দ নিচ্ছেন না কেউ। 

তবে প্রশাসন বলছে, নীতিমালা মেনে যারা আবেদন করবেন তাদের দোকান বরাদ্দ দেওয়া হবে।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, ‘উপজেলা লেবেলে এলজিইডি কর্তৃক যে বিল্ডিং আছে প্রতিটি বাজারে। সব উপজেলায় আছে। ঔ বিল্ডিং এ মোটামুটি দশটার মত দোকান আছে। এটার উদেশ্যে ছিল ঐখানে যে বাজারটা ছিল বা বাজারে যারা উপকারভোগী ছিল। তাদের স্বার্থে যারা দোকান মালিকরা সরকারিভাবে এই দোকান বরাদ্দ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। কিছু উপজেলায় হস্তান্তর হয়েছে কিছু উপজেলায় হস্তান্তর হয়নি। সদর উপজেলার কাজ শেষে হস্তান্তর হলে নিতিমালা মেনে যারা আবেদন করবে তা যাচাই–বাছাই করে নীতিমালার আলোকে বরাদ্দ দেওয়া হবে।’

ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে মার্কেটগুলো চালু করার দাবি স্থানীয়দের।