নড়াইলের পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার আভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির জানান, প্রতিবেশী রাজিব শেখ গত রোজার সময় আলিনুরের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত দিতে বিভিন্ন সময়ে নানা ধরনের তালবাহানা করেন। প্রায় পাঁচ মাস ঘুরিয়ে শনিবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে প্রতিবেশী জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখসহ তাদের লোকজন তাঁর দুইভাইকে বাড়ি থেকে ডেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান।

তিনি জানান, সেখানে কথা বলার সময় হঠাৎ করে রাজিব শেখসহ তার সাথের লোকজন আক্রমণাক্তক হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই আলিনুরকে পেটে ছুরিকাঘাত করে। তার চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।