খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে এক নারী আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা হয়।
শিমুল বেগম নামের গুলিবিদ্ধ নারী একজন গৃহিনী। সন্ত্রাসীরা তার ছেলেকে গুলি করতে এসে বাড়িতে না পেয়ে তাকে গুলি করে বলে জানিয়েছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আজ সকাল আনুমানিক ১০টায় তিন দুর্বৃত্ত মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের ছেলে কলেজছাত্র হ্নদয় খানকে খুঁজতে তাদের করিমনগর বাড়িতে যায়। এসময় মুজিব খান ছেলে ঘরে নেই বলে জানালে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিটি লক্ষ্যভষ্ট্র হয়ে পাশে দাঁড়ানো মুজিব খানের স্ত্রী শিমু খানের পেটে বিদ্ধ হয়। গুরুত্ব অবস্থায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ছেলে হৃদয় খানের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের টার্গেট ছিল হৃদয় খান। এ ঘটনায় মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।