ভারতের স্বাধীনতা দিবসে উপলক্ষে বেনাপোল-সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে এই দুই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। ফলে দুই দেশের বন্দর অভ্যন্তরে রয়েছে পণ্যবাহী ট্রাকের জট। তবে পাসপোর্টযাত্রী যাতায়াত রযেছে স্বাভাবিক।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে জানান তিনি।

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধের ফলে দুই দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের জট বাড়বে বন্দর অভ্যন্তরে। এতে ডেমারেজ বাড়ে। রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হলে কমবে পণ্যজট।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এদিকে ভারতে স্বাধীনতা দিবসের ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। ফলে শনিবার সকাল থেকে আমদানি পণ্যবাহী কোনো ভারতীয় ট্রাক প্রবেশ করেনি বন্দরে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে একদিনের  সরকারি ছুটি চলছে। এ ছুটির কারণে ভারত থেকে আমদানি পণ্যবাহী কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। আমদানি বন্ধ থাকায় ওপারে আটকে আছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। তবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেক পোস্টের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন।