বাজারের জন্য নির্মিত কোটি টাকার ভবন এখন মাদকসেবীদের আড্ডাখানা 

আধুনিক করতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মাগুরার ঐতিহ্যবাহী ভাবনহাটি বাজারে নির্মাণ হয়েছিল দোতলা ভবন। কিন্তু নির্মাণ শেষ হওয়ার দুই বছর পরও দোকান বরাদ্দ না হওয়ায় এখনো চালু হয়নি ভবনটি। অবহেলা আর প্রশাসনিক জটিলতায় সরকারি স্থাপনাটি পরিণত হয়েছে মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায়।

ব্রিটিশ আমল থেকে মাগুরা সদরের মঘী ইউনিয়নের ভাবনহাটি বাজার পুরো অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র। বাজারটিকে আধুনিক করতে ২০২০-২১ অর্থবছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হয় দোতলা ভবন। 

২০২৪ সালের এপ্রিলে নির্মাণকাজ শেষে ভবনটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তবে, সেখানে এখনও দোকান বরাদ্দ হয়নি। ফলে ফাঁকা পড়ে আছে দোকান ঘর। সিঁড়ি-বারান্দায় জমেছে ময়লা-আবর্জনা, দেখা দিয়েছে ফাটল। রাতে ভবনটি পরিণত হয় মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায়। 

মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামান বলেন, ‘ভবনটি হস্তান্তরের পর দোকান বরাদ্দ, রাজস্ব আদায় ও ভবন পরিচালনার সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসনের।’

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, ‘সরকার পরিবর্তন ও নির্বাচন-সংক্রান্ত ব্যস্ততার কারণে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা সম্ভব হয়নি। বাজার কমিটির সাথে আলোচনা করে দ্রুত দোকান বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।’

প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত আধুনিক বাজার ভবনটি চালুর দাবি স্থানীয়দের।