কলকাতার হোটেলে আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। আসবে আরও ৫ বাংলাদেশির মরদেহ। কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সড়কপথে সীমান্তে পৌঁছাবে মরদেহবাহী অ্যাম্বুলেন্স।
বেলা পৌনে ১১টার দিকে ভোমরা স্থলবন্দরে পৌঁছায় সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ। বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরছে বাকি ৫ জনের মরদেহ।
ওই ৫ জন হলেন– কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, স্বর্ণশীষ দত্ত, মো. আকরাম আলী এবং সাভারের আহামেদ বাবু। আর নিহত রেবতী সরকারের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার নিমতলা শ্মশানে তার মরদেহ সৎকার করা হয়।
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ১৯ আগস্ট ভোরে ভয়াবহ আগুনে ৯ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রথমে নিশ্চিত করা হয়। পরবর্তী সময়ে আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হওয়ায় কলকাতার ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহতের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে।