খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা দেখতে নৌ টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মাঝনদীতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর জেলখানা ঘাট থেকে সেনের বাজার যাওয়ার পথে ফেরির সাথে ট্রলারটির সংঘর্ষ হয়। এ সময় যাত্রীরা নদীতে পড়ে যান ও ট্রলারটি ডুবে যায়। পরে আশপাশে থাকা নৌযান, স্থানীয় লোকজন ও ফেরিতে থাকা ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধারে এগিয়ে আসে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মাসুদ সরদার বলেন, দুর্ঘটনার সময় ট্রলারে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। কেউ নিখোঁজ আছে কিনা নিশ্চিত হতে নৌপুলিশ টহল অব্যাহত রেখেছে।
এদিকে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে জানিয়ে ঘাটের অব্যবস্থাপনাকেই দুষছেন স্থানীয়রা।