খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘আরমান বাহিনীর’ প্রধান মো. আরমান হোসেন দিপু ওরফে শুটার আরমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার খুলনার রূপসায় র‍্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।

তিনি জানান, রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা থেকে র‍্যাব-৬ আরমান হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান এবং ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। একাধিক হত্যা মামলার আসামি আরমান গত কয়েক দিনের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মুখে খুলনা ছেড়ে পরিবারসহ ফরিদপুরের বোয়ালমারীতে আত্মগোপন করেছিলেন। উন্নত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে রোববার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম আরও জানান, আরমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত ১৭ জুন দৌলতপুরের বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতরত অবস্থায় জ্বালানি তেল ব্যবসায়ী আলহাজ লোকমান হাকিম ও অন্য এক মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরমান সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আরমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।