কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয় বিএসএফ।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক মেইন পিলার ১৫৩/৯-এস-এর কাছে এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টা করা চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি জানায়, ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই নারী ও দুই পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান বিএসএফ সদস্যরা।
সীমান্তের সংবেদনশীল এলাকায় এ ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। তবে এ ঘটনায় ওই চারজনের পরিচয়, জাতীয়তা এবং তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, সকালে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। পরে বিএসএফ তাঁদের ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সকালে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন এবং ওই চারজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।