মাগুরার শালিখা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজীর (৪৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড় ভাই সিদ্দিক গাজীর (৫০) সঙ্গে ছোট ভাই মাসুদ গাজীর জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সিদ্দিক লাঠি দিয়ে মাসুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে মাসুদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেন। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বিষয়টি নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।