খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় দুজন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং বাগেরহাট জেলায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৫০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৫ জনে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৪৫ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৪২৮ জন রোগীকে অন্যত্র পাঠানো হয়েছে।