মোংলায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মেহেদী নামে এক মৌসুমি জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোংলার চিলা বাজারসংলগ্ন নদীতে স্থানীয় জেলেদের জালে মরদেহটি আটকে যায়। পরে খবর পেয়ে নৌ পুলিশ তা উদ্ধার করে।

নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মামুন শেখ ও ফোরকান শেখ জানান, শুক্রবার বিকেলে চিলা বাজারসংলগ্ন নদীতে জেলেরা জাল ফেললে মেহেদীর মরদেহ তাতে আটকে যায়। পরে বিষয়টি চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

চিলা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আজাদুল ইসলাম জানান, স্থানীয়রা মেহেদীর মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। একপর্যায়ে জেলেদের জালে মরদেহটি আটকে গেলে সেটি পাওয়া যায়।

চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, বৃহস্পতিবার সকালে দুবলার চরের শুঁটকিপল্লির উদ্দেশে যাওয়ার পথে সিন্দুরতলা এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন মেহেদী। ট্রলার নোঙর করা অবস্থায় দাঁত ব্রাশ করতে গিয়ে তিনি নদীতে পড়ে যান। পরে মোংলা ও খুলনার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার বিকেলে জেলেদের জালে মেহেদীর মরদেহ উদ্ধারের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না।