বাগেরহাটের মোংলায় পশুর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সাবিত খান (২০) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকা থেকে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ উদ্ধারকারী দল সাবিতের মরদেহ উদ্ধার করে।
নিহত সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সেলিমাবাদ খানপাড়া এলাকার ফিলটার খানের ছেলে।
মোংলা বন্দরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে কয়লা পরিবহনে নিয়োজিত ‘মেসার্স আল্লাহ সহায়’ নামের বাল্কহেডে এস্কর্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে পশুর নদীতে গোসল করতে নামেন সাবিত। এ সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
অবশেষে ৪৩ ঘণ্টার উদ্ধার অভিযানের পর সকালে সাবিতের মরদেহ উদ্ধার করা হয়।