নিখোঁজের ১২ ঘণ্টা পর শ্রীবরদীর একটি পুকুর থেকে পাওয়া গেল এক কৃষকের মরদেহ। সোমবার রাত ১১টার দিকে শেরপুরের শ্রীবরদীর ভাটি লঙ্গরপাড়া থেকে বিল্লাল (৫০) নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল একই গ্রামের মৃত আদি মন্ডলের ছেলে ছিলেন।
স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গর পাড়ার কৃষক বিল্লাল হোসেন (৫০) সোমবার (২৩ অক্টোবর)সকাল ১০টার দিকে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। বিকেলে ছাগল বাড়িতে চলে আসলেও আসেননি বিল্লাল। এর পরে পরিবারের লোকজন তাঁকে খোজাঁখুজি শুরু করে। সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। এদিন রাত ১১টার দিকে তাঁর মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসতে দেখে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।
এ প্রসঙ্গে খড়িয়া কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া জানান, বিল্লাল হোসেনের মাথায় সমস্যা ছিল। তাঁর কোনো শক্র নেই। পরিবারের কোনো অভিযোগও নেই।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। কিন্তু এ ঘটনায় কেউ বাদী হতে চাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।