শেরপুরে কৃষক বিল্লালের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা 

শেরপুরের শ্রীবরদীতে কৃষক বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিল্লালের ছেলে উজ্জল মিয়া গতকাল মঙ্গলবার বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলাটি করেন।

গত সোমবার রাতে শেরপুরের শ্রীবরদীর ভাটি লঙ্গরপাড়ায় একটি পুকুর থেকে বিল্লালের মরদেহ উদ্ধার করা হয়। বিল্লাল একই গ্রামের আদি মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, বিল্লাল গত সোমবার সকালে ছাগলকে ঘাস খাওয়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপরে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। পরে ওই দিনই রাত ১১টার দিকে তাঁর মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখা যায়।

খবর পেয়ে শ্রীবরদী থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়। সুরতহাল রিপোর্টের সময় নিহত বিল্লালের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে বিল্লালের প্রতিবেশী হাবিবুল্লাহসহ চারজনের নাম উল্লেখ করে ও আরও তিনজনকে অজ্ঞাত আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। নিহত বিল্লালের ছেলে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরই মধ্যে মামলাও রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।’