ময়মনসিংহ তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮ টার দিকে ময়মনসিংহ -শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পতির ছেলে আনাছ আহনাফ (৩) এবং মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫)।
পুলিশের ভাষ্য, বাসটি ঢাকা থেকে ধোবাউড়া উপজেলার গোয়াতলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির একপাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির যাত্রী দুই ভাই-বোন মারা যায়। আহত হয় তাদের মা বাবাসহ তিনজন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, বাসটি আটক করা হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।