ছেঁড়া নোট না নেওয়ায় দোকানদারের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা 

সিগারেট কিনে টাকা দেওয়ার সময় ছেঁড়া নোট না নেওয়ায় ময়মনসিংহের তারাকান্দায় এক দোকানদারের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই দোকানদারও।  আজ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।    

আহত ব্যক্তিকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) ও পরে ঢাকায় রেফার্ড করা হয়। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর ভাষ্য, উপজেলাটির বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে বাজারে মুদি দোকান ছিল দিগারকান্দা গ্রামের সাদেক মুন্সির (৬২)। সেখানে তাঁকে সহায়তা করতেন ছেলে ইকবাল হোসেন (২২)। মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে সিগারেট কিনতে যান অভিযুক্ত ফারুক মিয়া। টাকা দেওয়ার সময় একটি দশ টাকার নোট ছেঁড়া থাকায় তা বদল করে দিতে বলেন ইকবাল। কিন্তু তাতে রেগে যান ফারুক।

বাগবিতণ্ডার এক পর্যায়ে ফারুক তাঁর ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে নেন। পরে সেখানে আবার কিছুক্ষণ বাগবিতণ্ডার এক পর্যায়ে পারভেজ সঙ্গে নেওয়া ছুরি দিয়ে দোকানের ভেতরেই এলোপাতাড়ি আঘাত শুরু করেন ইকবালকে। ওই সময় বাবা সাদেক মুন্সিকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যান ইকবাল। গুরুত্বর অবস্থায় সাদেক মুন্সিকে মমেক হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে ঢাকায় রেফার্ড করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে হত্যার ঘটনা ঘটে। সাদেক মুন্সির অবস্থাও গুরুতর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক ও পারভেজকে পাওয়া যায়নি।