জামালপুরে বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় আজ রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ।

নিহতরা হলেন- বালুরচর গ্রামের দিশা, সাদিয়া, খাদিজা ও গৃহবধূ রোকসানা। দিশা এ বছর এসএসসি পাস করেছে। 

স্থানীয়রা জানান, রোববার বিকেলে বন্যার পানিতে গোসল করতে যান প্রতিবেশী পাঁচজন। এ সময় দুজন ডুবে যেতে ধরলে তাদের রক্ষা করতে যান বাকি দুজন। পরে চারজনই বন্যার পানিতে তলিয়ে যান। এ সময় রিমা নামে এক শিশু বাড়িতে এসে জানায়। পরে স্থানীয়রা চারজনের মরদেহ উদ্ধার করেন।

ওসি রাজু আহম্মেদ বলেন, এই ঘটনায় মরদেহ সুরতহালের পর অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।