জামালপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ইজিবাইক চালকের

জামালপুরের মেলান্দহে বিদ্যুতায়িত হয়ে এক ইজিবাইক চালক মারা গেছেন। বুধবার সকালে পৌরসভার শাহজাদপুর ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মামুনুল হক (২৭)। তিনি শাহজাদপুর ব্রাহ্মণপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে। মেলান্দহ থানার ডিউটি অফিসার (এসআই) দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করছেন।

নিহতের স্বজনেরা জানান, ইজিবাইক নিয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন মামুনুল হক। নিজের বসতঘরের পাশেই  সকাল ৭টা দিকে গোসেল শেষে ভেজা শরীরে  চার্জ থেকে ইজিবাইক খুলতে গিয়ে বিদ্যুতায়িত  হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তির মৃত্যুতে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। 

এ বিষয়ে মেলান্দহ থানার ডিউটি অফিসার (এসআই) দীলিপ কুমার সরকার বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।’