নেত্রকোণার পূর্বধলা উপজেলার দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধ ভেঙে গেছে। আজ রোববার সন্ধ্যায় জারিয়া আনসার ক্যাম্প এলাকায় ওই বেড়িবাঁধ ভেঙে যায়। ফলে কংস নদী থেকে প্রবল বেগে পানি ঢুকে এরই মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার অন্তত ৪টি ইউনিয়নে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, ৩দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণার পূর্বধলা, দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়ার উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া কংস নদের পানি বেড়ে যায়। এতে পূর্বধলা উপজেলার দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে পানি উঠে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয় লোকজন মাটির বস্তা ফেলে বাঁধের ভাঙন রোধে প্রাণান্তকর চেষ্টা চালায়। কিন্তু সন্ধ্যায় বাঁধের জারিয়া ইউনিয়নের নাটেরকোণা আনসার ক্যাম্প এলাকায় পানির তোড়ে ভেঙে যায়।
পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বন্যায় উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামূলগাঁও ইউনিয়নের ১৮টি গ্রাম প্লাবিত হয়ে ৩হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আরও নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।