হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। 

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম আল আকসা। তিনি ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছে ফাহাদ মাহমুদ ফারাবী নামের এক যুবক। সে নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

আবুল খায়ের বলেন, ঘনকুয়াশার মধ‍্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আবুল খায়ের।