নেত্রকোণার মোহনগঞ্জে কৃষকের গরু চুরি করে পিকআপে করে বাজারে নেওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরির দুটি ষাড়গরু ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শুক্রবার ভোরে আটপাড়া এলাকায় গরুসহ এই তিনজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের মো. আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো. আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো. রফিক (২৭)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় রাতেই অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গরু উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ওই দুটি ষাড়গরু উদ্ধার করা হয়। এসময় গরু চুরির অভিযোগে পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়। পাশাপাশি পিকআপটি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত দুটি ষাড় গরুর মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।’
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘গরুগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশে নিয়ে বের হয়েছিল ওই তিন চোর। পরে থানায় মামলা দায়েরের পর তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’