ময়মনসিংহে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের ফুলপুরে একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার
পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।