ময়মনসিংহের ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্য দুজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মাইক্রোবাস ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চারজন। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আজগর আলীর ছেলে মো. লাল মিয়াকে (৩২) মৃত ঘোষণা করেন।
আহত বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগমের (৪৮) মৃত্যু হয়। অন্য দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গুরুতর আহত ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তইমুদ্দীন স্ত্রী জোসনা আক্তার (৬৫) ও পূর্ব ভালুকা এলাকার লাল মিয়া স্ত্রী তাসলিমাকে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ভর্তি করা হয়েছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান বলেন, ‘সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’