নেত্রকোণার কেন্দুয়ায় পারিবারিক কলহের জেরে পিটিয়ে মামাকে হত্যার ঘটনায় ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ভাগনে মাজাহারুল ইসলাম (২১) উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে বাসিন্দা। মামা কাঞ্চন মিয়াও (৬৫) একই গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। ওসি জানান, গতকাল সোমবার নরসিংদীর পাঁচদোনা চৈতাবাতে ড্রিম হলিডে পার্কের পাশে কাজ করার সময় বিশেষ অভিযানে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাতে ওসি জানান, মাজহারুল ও তার স্ত্রী মিলে প্রায় সময় মা মাজেদা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। ঘটনার দিন ৪ ফেব্রুয়ারি সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর মাজাহারুলের মা তাঁর ভাই কাঞ্চন মিয়াকে বিষয়টি জানান। ঘটনা শুনে ওই দিনই দুপুরে বোনের বাড়িতে আসেন কাঞ্চন। পরে ঝগড়ার বিষয় নিয়ে ভাগনে ও ভাগনের স্ত্রীর সঙ্গে মামা কাঞ্চন মিয়ার তর্ক হয়। এ সময় ভাগনে মাজহারুল ও তার স্ত্রী মিলে কাঞ্চন মিয়াকে মারধর করে গুরুতর আহত করেন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। ওই দিন বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মানিক মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মাজহারুল ও তার স্ত্রী পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় মাজহারুলের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক মাজহারুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।