শেরপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত দুই

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী বেপারিপাড়া এলাকায় এ ঘটনা হয়।

নিহত সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৬) ওই এলাকার আক্তার আলীর ছেলে এবং পেশায় একজন শ্রমিক। সুজনের সাথে থাকা শহিজল হক ও নূর মোহাম্মদ নামে দুই শ্রমিকও আহত হয়েছে।

নিহতের পরিবার জানিয়েছে, সুজন আহমেদ নিজ বাড়ির পাশেই তিনকাঠা জমি বর্গা নিয়ে ধানের চাষ করেন। আজ সকালে স্থানীয় শহিজল হক ও নূর মোহাম্মদ নামে অপর দুই শ্রমিককে নিয়ে ধান কাটতে যান। দুপুর দেড়টার দিকে ধান কাটা শেষে আঁটি নিয়ে বাড়ি ফেরার সময় হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় সুজন বাড়ির কাছে এলে তার ওপর বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সুজনের সাথে থাকা শহিজল হক ও নূর মোহাম্মদ নামে দুই শ্রমিকও আহত হয়।

ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’