নেত্রকোণায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশননেত্রকোণার মোহনগঞ্জে পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে মো. ইদু মিয়া (২২)  নামের এক অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা তাঁর মরদেহ ফেলে রেখে যায়। আজ মঙ্গলবার সকালে উপজেলার  আদর্শনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অটোরিকশার চালক মো. ইদু মিয়া উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজব আলীর ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করছিলেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছবি: ভিডিও থেকে নেওয়াবিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গতকাল সোমবার রাতে ইদু মিয়া তাঁর ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের একপর্যায়ে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে- তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। আজ সকালে তাঁর ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে   খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ইদুর মরদেহ দেখতে পেয়ে খানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, মরদেহ গলা কাটার চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।