প্রথমবারের মতো নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২১ জন নারী, ৩ শিশু ও ৮ জন পুরুষ রয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বিজিবির এই কর্মকর্তা জানান, বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকূড়া এলাকায় পুশ-ইন করা ৩২ জনকে আটক করে বিজিবি।
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্যে জেলা পরিষদ ডাকবাংলোতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।