ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী ফকিরবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন–নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তাঁর ছেলে মো. হাসান মিয়া (০৮)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান এসব বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘীর ফকিরবাড়ী নামক স্থানে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি মো. টিপু সুলতান।