শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ৩ নম্বর কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- উপজেলার মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।
ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা স্বাধীন ও আশরাফুলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু স্বাধীন ও আরশাফুল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে যায় তারা। এ সময় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং ডোবাতে তাদের মরদেহ ভাসতে দেখে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ। ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।