ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ারব্রিজ এলাকায় দুর্ঘটনা হয়।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলো– ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়ার মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ জাকির হোসেন, ধোবাউড়া থানার বরাটিয়া গ্রামের মোছা. জবেদা খাতুন (৮৫) ও ফুলপুর উপজেলার মদীপুর সুতারপাড়াজামাল উদ্দিনের ছেলে স্কুলছাত্র রাকিবুল হাসান (১৫)। অন্যদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার সংঘর্ষ হয়। ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় এ সংঘর্ষে পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মাহেন্দ্রটি দুমড়ে–মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ছয় যাত্রী নিহত হয়।
এ তথ্য নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম করে। আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।’