শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাটা নামক সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সকালে সীমান্ত পিলার-১১১৮/৩-এসের কাছ দিয়ে চার শিশু ও চার নারীসহ ১০ জনকে পুশ-ইন করা হয়।
পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপির জোয়ানরা তাদের পানিহাটা এলাকা থেকে আটক করে।
জানা গেছে, আটক হওয়া সকলেই একই পরিবারের সদস্য এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামের বাসিন্দা। তারা দুই বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করছিল। ভারতীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের কাছে কোনো বৈধ কাগজ পায়নি। এজন্য গত তিনদিন আগে বিমানে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসা হয় তাদের। পরে তাদের গৌহাটি থেকে পানিহাটা এলাকা দিয়ে পুশ-ইন করে বিএসএফ।
বিজিবির ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।