নেত্রকোণায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নেত্রকোণার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। একই উপজেলার বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন তিনি। 

বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম জানান, দণ্ডিত সাগর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে ছেলে সাগরের প্রায়ই মা মনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ আক্টোবর মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই দিন বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করেন সাগর। এ নিয়ে মা মনোয়ারার ভাই ইউনুস মিয়া সাগরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

পিপি আবুল হাসেম আরও জানান, আদালতে ১০ জন সাক্ষি তাদের সাক্ষ্য দেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. আবুল বাশার।