ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে মরদেহ পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বিকেলে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।
ত্রিশাল থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামে গতকাল বুধবার বেলা ১১টার দিকে মা রানুয়ারা বেগমকে গলাটিপে হত্যা করেন ছেলে রাজু মিয়া। এরপর ওইদিন দিবাগত রাত ২টার দিকে বাবা মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে তাদের দুজনের মরদেহ বাসার ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে পুঁতে রাখেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, রাজু বেকার ছিলেন। এনিয়ে সংসারে অশান্তি চলছিল। রাজুর ১১ মাস বয়সী একটি সন্তান রয়েছে। প্রায় সময় টাকা নিয়ে বাবা মায়ের সাথে তাঁর ঝগড়া হতো বলে জানা যায়।
ওসি আরও জানান, বাবা-মাকে হত্যার বিষয়টি স্থানীয়রা থানায় জানান। বিকেল সাড়ে তিনটার দিকে রাজুকে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।