শেরপুরের শ্রীবরদীর গিলাগাছায় ১৪৪ ধারা লঙ্ঘন ও আদালতের আদেশ অমান্য করে অসহায় কৃষক নূর মোহাম্মদের ২৪ শতাংশ ধানের জমিতে ঢুকতে দিচ্ছেন না স্থানীয় এক মৎস্যজীবী লীগ নেতা। অভিযুক্ত নেতার নাম শাহাদাৎ হোসেন ওরফে সাহাদুর, তিনি গোসাইপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি।
ভুক্তভোগীর পারিবারের অভিযোগ, শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের মৃত জরিপ উদ্দিন সেকের ছেলে আব্দুল হামিদের কাছ থেকে ১৯৯৯ সালে ২৪ শতাংশ জমি কেনেন একই গ্রামের কৃষক নূর মোহাম্মদ। এরপর থেকে বিগত ২৬ বছর যাবৎ ওই জমি তিনি ভোগদখল করে আসছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় মৎস্যজীবী লীগের নেতা শাহাদাৎ হোসেন ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গিলাগাছা গ্রামের নিরীহ কৃষক নূর মোহাম্মদের জমি অবৈধভাবে বেদখল করতে যান। পরে নূর মোহাম্মদ আদালতের শরণাপন্ন হলে আদালত বিগত ১৩ অক্টোবর শাহাদাতদের ওই জমিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেন।
এরপরেও নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে ঢুকে আমন ধান রোপণের চেষ্টা করছে শাহাদাতের লোকজন। বর্তমানে আমন ধান পাকলেও নূর মোহাম্মদের ওই জমির ধান কাটতে দেওয়া হচ্ছে না। উল্টো প্রাণনাশের হুমকিসহ নানাভাবে জুলুম নির্যাতন চলছে। শাহাদাতের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নূর মোহাম্মদের পরিবার।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, ‘আদালতের আদেশ আমরা উভয়পক্ষকে জানিয়ে দিয়েছি। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’