ময়মনসিংহে ভোটের মাঠে বিএনপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলেরই বিদ্রোহী প্রার্থীরা। জেলার ১১টি আসনের মধ্যে ৮টিতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন দলের বহিষ্কৃত নেতারা। এ ছাড়া জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের মোট ৬৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এদিকে সহিংসতার বেশ কিছু ঘটনার কারণে নিরাপত্তা নিয়ে প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেছেন সাধারণ ভোটাররা।
ভোটের দিন ঘনিয়ে আসায় ময়মনসিংহে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে ১১টি আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে রয়েছে বিএনপি।
ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট-ধোবাউড়া নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন সালমান ওমর।
ময়মনসিংহ–১ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘স্বতন্ত্র মানে স্বতন্ত্রই। সেখানে তাঁর সঙ্গে আমাদের দলের যেসব কর্মী জড়িত ছিলেন, তাঁদের ৮৫ শতাংশই এখন ধানের শীষের সঙ্গে একাত্ম হয়েছেন।’
একই আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর বলেন, ‘আদিবাসী, বাঙালি বা সনাতন ধর্মাবলম্বী যা-ই বলেন, সবাই এখন ব্যক্তিকে পছন্দ করছে। যার অতীত ও বর্তমান কর্মকাণ্ড ভালো এবং ভবিষ্যতেও ভালো করতে পারবে, মানুষ তাকেই চায়।’
হত্যা মামলায় কারাগার থেকে মুক্তির পর প্রচারে নেমেছেন ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির মোতাহার হোসেন তালুকদার। অন্যদিকে ময়মনসিংহ-১১ আসনে ফখর উদ্দিন আহমেদকে বিএনপির প্রার্থী করায় স্বতন্ত্র হিসেবে লড়ছেন বহিষ্কৃত নেতা মোর্শেদুল আলম।
মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে ও তাঁদের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা রাজনীতি করছি। আগামী নির্বাচনে তাঁরা ধানের শীষকেই নির্বাচিত করবেন।’
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদুল আলম বলেন, ‘দলীয় প্রার্থী এমন আচরণ করছেন যেন ভালুকার সব মানুষকে তাঁর কাছে মাথা নত করতে হবে। আসলে বর্তমানে মানুষের প্রতিবাদের ভাষা অনেক শক্তিশালী।’
এ ছাড়া ৩, ৬, ৭, ৯ ও ১০ নম্বর আসনেও স্বতন্ত্র প্রার্থী নিয়ে চাপে রয়েছে বিএনপি। অন্যতম বড় এই দলটির বিভক্তির কারণে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন ভোটাররা।
এদিকে সহিংসতার কারণে চারটি আসনে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ধোবাউড়ায় নিহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী।