ময়মনসিংহ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। দুর্ঘটনার পর একটি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ–ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে এ দুর্ঘটনা হয়। একই সময়ে সদরের ঢাকা-ময়মনসিংহ–চুরখাই এলাকায় এক অজ্ঞাতপরিচয় এক পুরুষ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সদরের দাপুনিয়া এলাকায় নিহত ব্যক্তির নাম.জসিম (৩২), তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে।
স্থানীয়রা বলেন, একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন জসিম মিয়া, পারিবারিক কাজে ময়মনসিংহ শহরে গিয়েছিলেন। শহর থেকে বাড়ির দিকে মোটরসাইকেল নিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন। বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুমুদ লাল বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দিকে চুরখাই বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী নিহত হন।’
এ বিষয়ে কোতোয়ালি থানার (ওসি) অপারেশন আজহারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’