ফিতরার টাকা দেওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

জামালপুরের মেলান্দহে ফিতরার টাকা দেওয়ার কথা বলে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত আব্দুল গফফার (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে অভিযুক্ত আব্দুল গফফারকে কারাগারে পাঠান আদালত। অভিযুক্ত আব্দুল গফফার মেলান্দহ উপজেলার জগৎপাট্টা এলাকার বাসিন্দা।

এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে যাকাত ও ফিতরার সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন ভুক্তভোগী ওই বৃদ্ধা। যাকাত সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে অভিযুক্ত গফফার তাঁকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে গফফার তাঁকে ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে বিষয়টি স্থানীয় লোকজন ও স্বজনদের জানান ভুক্তভোগী। স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস পেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’