ঝিনাইগাতীতে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে ২ জামায়াতকর্মী আটক, মুচলেকায় মুক্তি

শেরপুরের ঝিনাইগাতীর ঘাগড়া দরগার পাড়ে জামাতের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে দুজনকে স্থানীয়রা আটক করে। পরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক তাদের মুচলেকা নিয়ে স্থানীয় জামায়াত নেতাদের জিম্মায় দিয়ে আসেন।

শনিবার সন্ধ্যায় ৩শ টাকা করে বিতরণকালে আব্দুর রাজ্জাক ও মোরাদ মিয়াকে আটক করা হয়। জামাত কর্মীদের দাবি তারা দলের পক্ষ থেকে ফিতরার টাকা বিতরণ করেছেন।

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে নানা স্থানে জামাতের পক্ষ থেকে মাথাপিছু তিনশ টাকাসহ সেমাইচিনি বিতরণ করে আসছে বলে অভিযোগ ওঠে। শনিবার বিকেল থেকে ঝিনাইগাতীর হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া দরগার পাড়ে টাকা বিতরণ করে আসার সময় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশীদ স্থানীয় জামাত কর্মী আব্দুর রাজ্জাক ও মোরাদ মিয়াকে হাতেনাতে ধরে ফেলে। উপায়ান্তর না দেখে তারা দলের পক্ষ থেকে ফেতরার ৫০ হাজার টাকা পেয়ে তা বিতরণ করা হচ্ছে বলে দাবি করেন।

পরে তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিককে ঘটনাস্থলে পাঠান। তিনি জিজ্ঞেসাবাদ শেষে অভিযোগটি গুরুতর ও ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারের বাইরে হওয়ায় জেলা রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ দিতে বলেন।

অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আটককৃতদের উপজেলার বাইরে যেতে বারণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক। এ অভিযোগ প্রমাণিত হলে জামাত প্রার্থীর প্রার্থীতাও বাতিল হতে পারে। 

এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমানের। তারা এ ব্যাপারে দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।