নেত্রকোণার মোহনগঞ্জে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে, বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এম এ কাদের।
দণ্ডপ্রাপ্তরা হলো– উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে দুই যুবক স্কুল-কলেজের ছাত্রীদের অশালীন মন্তব্য করে নানাভাবে উত্যক্ত করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।’
ওসি আরও বলেন, ‘পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।’