নেত্রকোণায় নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ পুলিশের

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামে নিখোঁজের দুই দিন পর ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি হত্যা, এমনকি ধর্ষণের পর হত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় এক কৃষক বাড়ির পাশের একটি পরিত্যক্ত ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত শিশু জান্নাতুল ওই গ্রামের আসাদ মিয়ার মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, গত ৪ এপ্রিল সোমবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। ওই দিন পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, বুধবার সকালে ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।