ময়মনসিংহ ও শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা, পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাটে আকষ্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
হঠাৎ পাহাড়ি ঢলের কারণে ঘোড়াঘাট নদীর পানি বেড়ে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ও কৃষিজমি প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অনেক পরিবার নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, বুধবার সকাল থেকে গাজীরভিটা ও ভূবন কুড়া পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এরই মধ্যে দুই ইউনিয়নের দুটি কাঁচা রাস্তা ভেঙে গেছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শেরপুর
শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া, টানা বৃষ্টি ও ঢলে বেড়েছে জেলার মহারশি, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালি নদীর পানি।
বুধবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। এরই মধ্যে রাতে ঢলের পানির তোড়ে গোল্লারপাড় এলাকায় বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে।
স্থানীয়রা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে ফসলি জমির ক্ষতির শঙ্কায় স্থানীয়রা।
জেলা কৃষি অফিস বলছে, শেরপুরে এ পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ধান কাটা হয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে ফসলের বড় কোনো ক্ষতি হবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।