শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন–ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের বিট অফিসার সালেহীন নেওয়াজ ও ফরেস্ট গার্ড জিয়াউল হক। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী বনসংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন।
এই বন কর্মকর্তারা জানান, বুধবার ভোরে গারো পাহাড়ি এলাকা থেকে চোরাই পথে বালু নিয়ে যাচ্ছিল চোরাকারবারি ও বালু খেকোরা। এ সময় একটি মাহেন্দ্র গাড়ি ভর্তি বালুসহ এক চোরাকারবারিকে আটক করে রাংটিয়া রেঞ্জের বিট অফিসার সালেহীন নেওয়াজ ও অন্য বন কর্মীরা। এ বিষয়ে ক্ষুব্ধ হয় চোরাকারবারিরা। এরই জেরে একই দিন রাত ১০টার দিকে গারো পাহাড়ের নকশী এলাকায় টহলরত বন কর্মীদের ওপর চোরাকারবারি ফরহাদ, তার ছেলে নোমান ও সোহাগে নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে আহত হন রাংটিয়া রেঞ্জের বিট অফিসার সালেহীন নেওয়াজ ও ফরেস্ট গার্ড জিয়াউল হক। পরে তাদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
রাংটিয়া রেঞ্জের বিট অফিসার আহত সালেহীন নেওয়াজ বলেন, ‘আমরা গারো পাহাড়কে বাঁচাতে কাজ করছি। চোরাই বালু আটক করার জন্যই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দাবি করছি।’
এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন বলেন, ‘আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করব। এখন রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করছি।