জামালপুরে তীব্র গরমে খড় শুকানোর সময় টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকের।
আজ বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনেরা জানান, দুপুরে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। এ সময় প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে তীব্র গরমে জেলায় ৪ জনের মৃত্যু হলো।
এর আগে বুধবার দুপুরে মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নে ধানের খড় শুকাতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে মারা যান বালি বেগম নামের এক নারী। আর মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় মারা যান সানোয়ার নামের এক যুবক। তার আগে সোমবার দুপুরে দেওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে ধান কাটতে গিয়ে মারা যান আসাদুল ইসলাম নামের আরেক যুবক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘হিটস্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে কাজ না করার বিষয়ে সচেতন হওয়া জরুরি।’